কোন ভাবেই থামছেনা বয়লার বিস্ফোরণ। সরকারের পক্ষ থেকে পুরাতন বয়লার বা মেয়াদ উত্তীর্ণ বয়লার সরিয়ে নতুন বয়লার স্থাপনের নির্দেশ থাকলেও মানছেনা কারখানা কর্তৃপক্ষ। আর তাই ধারাবাহিকতাও রয়ে গেছে মৃত্যুর।
রোববার ফের বয়লার বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের একটি রাইস মিলে।
নিহত শ্রমিকের নাম সাবিয়া খাতুন (৫৫)। তবে তিনি কোন এলাকার বাসিন্দা তা জানা যায়নি।
স্থানীয় বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় দাউদ মণ্ডল রাইস মিলে একটি ছোট বয়লারে ধান সিদ্ধ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ বয়লারে বিস্ফোরণ ঘটে।
এ সময় শ্রমিক সাবিয়া খাতুন অগ্নিদগ্ধ হন। তাঁকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাবিয়াকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার কাছে তাঁর মৃত্যু হয়।
জেড





