রাজধানীর সায়েদাবাদে বাসচাপায় ফরিদ আহমেদ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টায় সায়েদাবাদ জনপথ রোডে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদ আহমেদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

নিহতের আত্মীয় বাকের হোসেন জানান, গুরুত্বপূর্ণ কাজে ফরিদ আহমেদ গ্রাম থেকে ঢাকা আসেন। সায়েদাবাদের জনপথ রোড দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে তিনি হাঁটছিলেন।

এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা ফরিদ আহমেদকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

এসএইচ