প্রাণঘাতী করোনাভাইাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আদেশে বলা হয়েছে, রোববার (২২ মার্চ) থেকেই এই নির্দেশনা কার্যকর হবে।
নির্দেশনা বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রদুর্ভাব দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে করোনাভাইরাসের অধিকতর সংক্রমণ রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশের সব স্থলবন্দরসমূহের মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।
বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগঁও তামাবিল, শেওলা ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে ওই নির্দেশনায়।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৯ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৩৩ জনে পৌঁছেছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৭৫১ জন।
এমবি





