রাজশাহীর পবায় জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ২ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেন শহীদ আহমেদ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চম্পা বেগম (৩৮) এবং আনোয়ারা বেগম ওরফে গেদু (৪৫)। তারা দু’জনই নিহত জাহানারা বেগমের প্রতিবেশী।
একই মামলায় আদালত চম্পা বেগমের স্বামী আব্বাস আলী (৪০), তার ভাই আখতার আলী (২৭), আনোয়ারা বেগমের ছেলে সবুজ (২৬) ও রেহানা বেগমকে (৩৫) বেকসুর খালাস দিয়েছেন। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৬ সেপ্টেম্বর বিকেলে পবা উপজেলার বড়গাছি খাঁ পাড়া এলাকার নিজ শয়ন কক্ষ থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিনই নিহতের ছেলে মিজানুর রহমান ফারুক বাদি হয়ে প্রতিবেশী সন্দেহ ভাজন আব্বাস আলীকে (৪২) আসামি করে অভিযোগ দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদে আব্বাস আলী এ ঘটনায় অন্যান্যদের জড়িত থাকার কথা স্বীকার করলে বাকিদের গ্রেফতার করে পুলিশ।
পরে আব্বাস আলীর স্ত্রী চম্পা বেগম ও প্রতিবেশী আনোয়ারা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বর্ণালঙ্কার লুট করতে দেখে ফেলায় তারা জাহানারা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে আদালতে জানান।
পরে আদালতে চার্জশিট দালিখ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও তৎকালিন পবা থানার এসআই শহিদুল্লাহ। মামলার শুনানি শেষ হয় গত ৫ জুন। এরপর রায় ঘোষণার জন্য আদালত ২৫ জুন দিন ধার্য করেন। পরে তা পরিবর্তন করে ১৫ জুলাই নির্ধারণ করা হয়।
ওই মামলায় মোট ২৪ জন সাক্ষির মধ্যে ২৩ জনের স্বাক্ষগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি রেজাউল করিম। আর আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট একরামুল হক ও শাহনেওয়াজ।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





