বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় ওসি, এসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
আহত ওসি ও এসআইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় ওই আসামির মা ও দুই বোনকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে রোববার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পুলিশ সুপার আক্তারুজ্জামান।
এদিকে ওই হামলার ঘটনায় আজ সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহতরা হলেন- হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, উপপরিদর্শক (এসআই) জহির, কনস্টেবল মহিউদ্দিন, কামরুজ্জামান ও লাকি আক্তার।
পুলিশের ওপর হামলার ঘটনায় আটককৃতরা হলেন হত্যা ও ডাকাতিসহ ১৬ মামলার আসামি মামুন সরদারের (২৫) মা শাহনাজ বেগম ও মামুনের দুই বোন সুমা আক্তার ও রুমা আক্তার।
আহত ওসি গোলাম সরোয়ার মোবাইল ফোনে জানান, আসামি মামুন সরদার বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় মামুনের মা তার (ওসি) ডান হাত ও এসআই জহিরের হাতের আঙুলে দা দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশের অন্য সদস্যরা এগিয়ে এলে মামুনের বাবা মালেক সরদার ও দুই বোন তাদেরকে (পুলিশ সদস্য) রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সুযোগে মামুন পালিয়ে যান। পরে পুলিশের সংখ্যা বাড়িয়ে অভিযান চালিয়ে মামুন সরদারের মা ও তার দুই বোনকে আটক করা হয়।
এমকে





