চট্টগ্রাম নগরীর বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকা থেকে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, চার রাউন্ড কার্তুজ, দুটি কোরাবারি ও একটি তালা ভাঙ্গার লোহার তৈরি যন্ত্র উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি এবং ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও সমবেত হওয়ার অপরাধে একটি মামলা করছেন।

গ্রেফতার হলেন- বোয়ালখালীর মো. আইয়ুব (৪০), পটিয়ার মো. আবুল কাশেম (৫২), বাকলিয়ার মো. মিজান (১৮), চন্দনাইশের মো. মোরশেদ আলম (২০) ও মো. জালাল আহম্মদ লেদু (৩২)।

সিএমপির বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু সংলগ্ন সিটি স্টিলের সামনে থেকে অভিযান চালিয়ে ডাকাত দলের চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারদের দেয়া তথ্য অনুযায়ী জালাল আহম্মদকে এলজিসহ বাকলিয়ার তুলাতলী থেকে গ্রেফতার করা হয়। তারা কাতার প্রবাসী নূর হোসেনের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

তিনি জানান, গ্রেফতারদের দলনেতা আইয়ুব চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য ডাকাতির ঘটনায় জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

কেএইচ