ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল এমন একজনকে শনাক্ত করেছে সাক্ষীরা।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, নিলয় হত্যাকাণ্ডের পর নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে একজন হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। সাক্ষীদের মধ্যে কেউ কেউ তাকে সনাক্ত করেছেন। তারপরও ডিএনএ ও ফরেন্সিক পরীক্ষার পর সবকিছু নিশ্চিত হওয়া যাবে।

মনিরুল ইসলাম বলেন, গত ২৭ আগস্ট কাওসার হোসেন খান(২৯) ও কামাল হোসেন সরদার(২৭) নামে দু'জনকে আটক করা হয়েছে।

তারাও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যা চেষ্টা মামলার অন্যতম চার্জশিটভুক্ত আসামি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার(২৭ আগস্ট) বিকেল ৫টায় কাওসারকে মিরপুর-১০ ও সন্ধ্যা সাড়ে ৬টায় শ্যামপুরের ধোলাইপাড় থেকে কামালকে আটক করা হয়।

১৩ আগস্ট উত্তরা ও মিরপুর এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি শ্রম প্রতিমন্ত্রীর ভাতিজা সাদ-আল-নাহিয়ান ও মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ৭ আগস্ট শুক্রবার গোড়ানে নিজ বাসায় ব্লগার ও এনজিও কর্মকর্তা নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এমআর/এমকে