ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন হওয়ায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে বিজয় ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শহরের টাউন হল এলাকা থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রাপূর্ব সমাবেশে নাগরিক আন্দোলনের সভাপতি এড. আনিসুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক আমিনুল হক শামীম, নাগরিক আন্দোলনের নেতা কাজী রানা প্রমুখ।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ২৬ বছরের আন্দোলনের ফসল হলো ময়মনসিংহ বিভাগ।
এ বিভাগকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছেন।
তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাজ শুরু হবে। বিভাগ ঘোষনা হওয়ায় সিটি কর্পোরেশন এখন সময়ের ব্যাপার মাত্র।
আনন্দ শোভাযাত্রায় শহরের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ অংশ নেন। এসময় দেশীয় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন অনেকে।
এসএইচ





