ভোলার মনপুরায় পাখি শিকারের দায়ে ৪ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে এয়ারগান, ঘুঘু ও ৭ টি সিগারেট ভর্তি ১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গতকাল শনিবার (২১ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ ভূঁঞা এ জেল-জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আতাউল হোসেন (৩০), মো. মোহন খান (৩৫), ওয়াহিদ আলম (৩২) ও বাদল (৩০)। এদের বাড়ি বরিশাল ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়।
নিবার্হী কর্মকর্তা(ইউএনও) আবদুল আজিজ ভূঁঞা বলেন, একদল পর্যটক মনপুরায় পাখি শিকার করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাজিরহাট ইউনিয়নের চৌমুহনী রাস্তার উপর পাখি শিকার করা অবস্থায় ওই ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে একজনের কাছ থেকে ৭ টি সিগারেট ভর্তি আনুমানিক ১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাখি শিকার করার অপরাধে মোহন খান, ওয়াহিদ আলম ও বাদলকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে আতাউলকে গাঁজা বহনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শাহীন/জেড





