অবরোধ-হরতাল ও রাজনৈতিক সহিংসতার কারণে ঢাকা ও ভারতের আগরতলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সপ্তাহে ছয় দিন ঢাকা ও আগরতলা থেকে বাস চলাচল করত। এর মধ্যে ঢাকা থেকে তিন দিন এবং আগরতলা থেকে তিন দিন বাস ছাড়তো। দুটিই রুটের বাসেই গত সপ্তাহখানেক বন্ধ রয়েছে।
ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে বলেন, ‘নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে এই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে পরিস্থিতি উন্নত হলেই তা আবার শুরু হবে।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সহযোগিতায় শ্যামলী পরিবহন নামে একটি প্রতিষ্ঠান ঢাকা থেকে আগরতলাগামী বাস পরিচালনা করে।
শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ ঘোষ বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির কারণে বাসের যাত্রীসংখ্যা কমে গেছে। চার-পাঁচ জন যাত্রী নিয়ে ৪০ সিটের শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালানো সম্ভব না, এ জন্যেই গত সপ্তাহখানেক হলো আমরা ঢাকা-আগরতলা বাস সার্ভিস বন্ধ রেখেছি।
তিনি জানান, অন্তত ১০-১২ জন যাত্রী পেলেও তারা বাস চলাচল আবার শুরু করবেন। তবে ঢাকা ও কলকাতার মধ্যে বাস সার্ভিস এখনও চালু আছে।
কলকাতার পরিবহন কর্মকর্তারা জানান, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হলে ঢাকা কোলকাতা বাস সার্ভিস চালু রাখার প্রশ্নটি তারা পুনর্বিবেচনা করবেন।
এ ছাড়া গত ডিসেম্বরে ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে আরেকটি আন্তর্দেশীয় বাস সার্ভিস চালুর মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কারণে এই রুটটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়াটাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। খবর বিবিসি।
এমকে





