জামায়াতের ডাকা দুই দফায় ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন গাজীপুরে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। নাশকতার অভিযোগে এ সময় ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ তাদের আটক করে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, ছয়জন শিবির ও বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। একই কারণে কালিয়াকৈর থানায় আটক হয়েছেন একজন। জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে হরতালের সমর্থনে ঢাকা-গাজীপুর সড়কের চান্দনা চৌরাস্তায় ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে জামায়াত-শিবির ঝটিকা মিছিল করেছে। এসময় তারা সড়কে কাঠ-খড় জ্বালিয়ে আগুন দেয়।

এছাড়া জেলার বিভিন্ন জায়গায় সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়ক ও মহাসড়কগুলোতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। দোকানপাট, অফিস-আদালতে কাজকর্ম স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়ছে মানুষের সংখ্যা।

মানবতাবিরোধী অপরাধে বুধবার (২৯ অক্টোবর) জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার সারাদেশে আলাদাভাবে ৭২ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত।

কেএইচ