মাগুরার মঘির ঢাল এলাকায় ডাকাতের প্রস্তুতিকালে পুলিশের সাথে 'বন্ধুকযুদ্ধে' কামাল হোসেন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। তিনি মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের শ্যাওলাডাঙ্গা গ্রামের আফসার ফকিরের ছেলে।
মাগুরা সদর থানার এসআই আবু হেনা মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একদল ডাকাত- এ সংবাদ পায় পুলিশ।
এর ভিত্তিতে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতরা পিছু হটে। এ সময় আহত অবস্থায় এক ডাকাতকে পাওয়া যায়। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার নামে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান একটি চাপাতি, একটি রামদা, একটি করাত ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
এমআর





