সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফেনীতে দেশের প্রথম সর্ববৃহৎ সিক্স লেন ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে আগামী ডিসেম্বর মাসে। ১৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভারটি নির্মাণ কাজ তিন বছরের মধ্যে শেষ করা হবে।

রোববার বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ফ্লাইওভারের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে মন্ত্রী এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মহাসড়কের মহিপালের এই ফ্লাইওভারটিই দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভার হবে। ৬৬০ মিটারের দীর্ঘ ছয় লেনের এই ফ্লাইওভারটি নির্মাণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যে ফ্লাই ওভারটির নির্মাণ কাজ শেষ করা হবে। ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরা ফেনীতে অবস্থান নিয়ে ফ্লাইওভারের আনুষাঙ্গিক কাজ শুরু করে দিয়েছেন। ফ্লাইওভারের জন্য নির্ধারিত স্থানের সয়েল টেস্টও করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল হয়ে ফেনী, নোয়াখলী ও লক্ষীপুর যেতে হয়। মহিপাল চৌরাস্তায় প্রতিনিয়ত যানজট লেগে থাকার কারণে সড়কের ওই স্থানে ছয় লেনের ফ্লাইওভার নির্মার করার উদ্যোগ নিয়েছে সরকার।

ফ্লাইওভার পরিদর্শনের সময় সড়ক পরিবহনের ঊর্দ্ধতন কর্মকর্তা, দায়িত্বরত সেনাকর্মকর্তা, স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ