আইন অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা ও হরিরামপুরের পদ্মা নদী থেকে ইলিশ ধরায় ১৬ জেলেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আলমগীর হোসেন জানান, রাতে শিবালয়ের যমুনা নদীতে ইলিশ মাছ ধরার সময় নয় জেলেকে আটক করা হয়। এসময় এক লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ ইলিশ জব্দ করা হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল আলম ও পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. শামসুল আলম এই অভিযান পরিচালনা করেন।
অপরদিকে, জেলার হরিরামপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে সাত জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাত হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হচ্ছে। এছাড়া আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলেও জানান দুই থানার ওসি।
এমএনজে





