চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নাশকতা ঠেকাতে কঠোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। অবরোধে বিএনপির নাশকতা প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম রেললাইনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার সকালে মিরসরাই উপজেলা সদরের প্রফেসর সাদেক ভবনে নাশকতা প্রতিরোধ শীর্ষক আওয়ামী লীগের এক জরুরি সভায় এসব নির্দেশনা আসে।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘বিএনপির যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত। আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ ঠেকাতে দলের নেতা-কর্মীরা অনড়। আওয়ামী লীগ জনগণের কল্যাণে সব সময় মাঠে ছিল, আগামী দিনেও থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। বিএনপির নাশকতা প্রতিরোধে যা যা করণীয় তাই করতে নেতাকর্মীরা মাঠ পর্যায়ে অবস্থানে থাকবে।’

সভায় আরো বক্তব্য দেন মিরসরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম শাহজাহান, ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, খইয়াছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সরওয়ার, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গোলাম সরওয়ার, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জাহেদ, যুগ্ম সম্পাদক আলা উদ্দিন, সাফুদ্দীন মহসিন, কাউন্সিলর মো. রহিমুল্লাহ, যুবলীগ নেতা দিদরুল ইসলাম সোহেল, এসএম সেলিম, ছাত্রলীগ নেতা মাঈনুল ইসলাম মিল্টন, অভি রায় প্রমুখ।

জেআই