মেহেরপুর জেলার গাংনীতে বিএনপির নেতার বাসার সামনে থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ।
আজ (সোমবার) সকাল পৌনে ৯টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের সামনে বাসার সামনে বোমাটি পড়ে ছিলো। তবে বোমাটি কে বা কারা রেখে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে পথচারীরা বাসার সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের এসআই স্বপন সঙ্গীয় ফোর্স নিয়ে পানি ভর্তি বালতিতে করে বোমাটি উদ্ধার করেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, পরিবার নিয়ে বাসায় ছিলাম। হঠাৎ সকালে বাসার সামনে হৈচৈ শুনে নিচে নেমে আসি। তখন বোমাটি দেখি। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বোমাটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। কারা বা কি কারণে বোমাটি ওখানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে উদ্ধারকৃত বোমাটি শক্তিশালী বলে মনে হচ্ছে।
এমবি





