তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার মাফ চাওয়ার কোনো জায়গা নেই। তিনি বিচারের সম্মুখীন হবেন। তার মুখে নির্বাচনের কোনো ফতোয়া আমরা শুনতে চাই না। তিনি রাজাকার ও খুনিদের বর্জন করবেন কি না সেটা জানতে চাই?।

রোববার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ভালো আর মন্দের পার্থক্য করা হচ্ছে না। খুনিরাও রাজনীতিতে প্রবেশ করছে। মহান সংসদে বিভিন্ন সময়ে গণতন্ত্র নিয়ে কথা হয়, তবে ১৯৭১ এবং ’৭৫ এর খুনি ও রাজাকারদের নিয়ে কোনো কথা হয় না। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখজনক।

জাসদ সভাপতি আরো বলেন, যারা রাজাকার ও খুনিদের বর্জন করতে পারবে না, তাদের রাজনীতির লাইসেন্স বাতিল করা উচিত। পাশে রাজাকার, ২১ আগস্টের খুনি ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের সঠিক পথ খোঁজা যায় না। খালেদা জিয়া রাজাকার ও খুনিদের সঙ্গে নিয়ে রাজনীতি করেন। তাই তার রাজনীতির লাইসেন্স বাতিল করা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রসাশক (এডিসি) মোস্তাক আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা জায়েদুর রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

সবুজ/জারিফ