বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম ও তাঁর ছেলে মজিবুর রহমান বেসরকারী টিভি চ্যানেল  দীপ্ত টেলিভিশনের এমডি সহ  ৭ জনের বিরুদ্ধে   তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন।



গতকাল রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার থানায় মামলাটি করেন মন্ত্রীর পরিবারের মালিকানাধীন সানোয়ারা গ্রুপের ভূমি কর্মকর্তা শেখ আহমেদ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, মন্ত্রী ও তাঁর ছেলেকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভূমি দখলের অভিযোগ এনে দীপ্ত টেলিভিশনে সংবাদ প্রচারের অভিযোগে টেলিভিশনের ছয় কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, কাজী রাবেত হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহমেদ, বার্তা সম্পাদক, চট্টগ্রামের প্রতিবেদক লতিফা আনসারী ও চান্দগাঁও কমিউনিটি সেন্টারের মালিক আবু বকর।
ওসি আজিজ আহমেদ বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দীপ্ত টেলিভিশনের প্রতিবেদক লতিফা আনসারী গতকাল রাতে বলেন, স্থানীয় লোকজনের ভাষ্য ও কাগজপত্র যাচাই-বাছাই করে চান্দগাঁও কমিউনিটি সেন্টার নিয়ে দীপ্ত টেলিভিশনে প্রতিবেদন করা হয়েছে। কাউকে হেয় করতে মিথ্যা কিংবা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।

 

এইচ এম