চাঁদা না দেওয়া বৃহস্পতিবার কুমিল্লায় বাস শ্রমিক নেতাদের মারধর করা হয়। এ ঘটনায় বাস শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় দুপুর ২টার মহাসড়ক অবরোধ করেন।
এতে মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার থেকে চান্দিনা পর্যন্ত ৩০ কিলোমিটারেরও বেশি যানজট সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
এদিকে কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া ও শাসনগাছা বাস টার্মিনাল থেকে সব থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ এ অবরোধে অসংখ্য যাত্রীকে বাস টার্মিনালে আটকা পড়ে অসহনীয় দুর্ভোগে পড়তে হয়।
এশিয়া পরিবহনের স্বত্বাধিকারী রইস আবদুর রব জানান, ক্ষমতাসীন দলের অপু, ইয়াছিন ও দেলোয়ারের নেতৃত্বে মহানগরীর পদুয়ার বাজারে বাস শ্রমিকদের কাছে চাঁদা দাবি করা হয়। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কয়েক শ্রমিককে মারধর করা হয়। খবর পেয়ে কুমিল্লা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন ঘটনাস্থলে যান।
তিনি আরও জানান, এসময় চাঁদাবাজরা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পালের সামনে তাদের দুজনকেও মারধর করে। মোহাম্মদ আলীর মাথা ফেটে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। বিকেল ৪টার দিকে তারা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পালের প্রত্যাহার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবি জানান।
জেআই





