জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছে। সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে ই-মেইলে চিঠি পাঠানোর পর মঙ্গলবার ফেসবুক এ বিষয়ে ফিরতি ই-মেইল পাঠিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তারানা হালিম বলেন, ফেসবুকের পাবলিক পলিসি দক্ষীন এশিয়ার ডিরেক্টর আঁখি দাশ আমাকে ই-মেইল করেছেন। চলতি মাসের ৬ বা ৭ তারিখ ফেসবুক কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছে । তিনি বলেন, ‘তারা (ফেসবুক) আমাদের সঙ্গে বসতে চায়, আমরাও বসবো। তাদের আমন্ত্রণ জানাবো আমরা।’

মন্ত্রণালয় সূত্র জানায়, ই-মেইল পাঠানোর জবাবে আগামী ৬ জানুয়ারি বাংলাদেশে এসে এ আলোচনায় বসার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তারা। কিন্তু মন্ত্রণালয় চাইছে, ডিসেম্বরের মধ্যেই বৈঠকের তারিখ নির্ধারণ করতে। বুধবার এ বিষয়ে আরেকটি চিঠি পাঠাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সূত্র আরো জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দিয়ে পাঠানো চিঠিতে যেসব বিষয় উল্লেখ করা হয়েছিল সবগুলো বিষয়েই আলোচনা করতে সম্মতি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর থেকে ফেইসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ করা হলেও বিকল্প পন্থায় অনেকেই এসব ব্যবহার করছেন।

এআই