৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার কমিশনের এক বিশেষ সভায় এই সিদ্দান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এ পর্যন্ত পিএসসিতে এত বিপুল পরীক্ষার্থী আবেদনের রেকর্ড তৈরি হয়েছে। মোহাম্মদ সাদিক বলেন, “কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া যায়, এ জন্য আমরা কাজ করছি।”
কর্ম কমিশন থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, সেদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা হবে।
পরীক্ষার হল, আসন বিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী সংবাদপত্র ও কর্মক মিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd প্রকাশ করা হবে।
গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা।
এমবি





