ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে টানা ২১ দিনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার মধ্যরাতে।
অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রকাশ্য সব ধরনের প্রচারে ইতি টানতে হবে আজই।
এছাড়া আজ থেকে ভোটকেন্দ্রে পৌঁছানো হবে নির্বাচনী মালামাল। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে আজ মাঠে নামছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোটগ্রহণ শুরু হবে আগামী শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টায়।
নির্বাচন আচরণবিধি অনুযায়ী, কোনো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোটগ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোটগ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে ওই নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করা এবং কোনো মিছিল বা শোভাযাত্রা সংগঠিত বা তাতে যোগদান করতে পারবেন না।
ওই সময় কোনো আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্ব পালনরত কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। কোনো অস্ত্র বা শক্তিও প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না। এই আইন ভঙ্গ করলে ন্যূনতম ছয় মাস ও অনধিক সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হবে।
আগামী ০১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে সম্পূর্ণ ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এবার ঢাকা উত্তর সিটিতে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ২৪ লাখ ৫২ হাজার ভোটার রয়েছেন।
এমবি





