পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। জমজমাট আয়োজনে ভোট শুরু হলেও ভোটারের উপস্থিতি অনেক কম। অনেকে কেন্দ্রে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও কোনো ভোটার চোখে পড়েনি।
জানা গেছে, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ভোটগ্রহণ চলছে। এসব উপজেলার কোনো কোনো ভোটকেন্দ্রে সকাল থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ৫ ভোট কোথাও আবার কোথাও ৭ ভোট পড়তে দেখা গেছে।তবে অনান্য উপজেলা থেকে কুলাউড়া, রাজনগরে ভোটার উপস্থিতি কিছুটা বেশি।
জেলার সাত উপজেলায় ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২০, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩৫ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ২৮ জন রয়েছেন।
৫১৯টি কেন্দ্রের মধ্যে ২৬০টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে (ঝুঁকিপূর্ণ) তিনজন অতিরিক্ত পুলিশ সদস্য, সাধারণ কেন্দ্রে একজন পুলিশ সদস্য এবং প্রতিকেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, ভোটাররা সকাল থেকে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে।





