মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আজিজুর রহমান সাদ (১৬) নামে একজন স্কুলছাত্র নিহত ও তার দুই বন্ধু আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গোলাপবাগে হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ (১৬) ওয়ারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল বলে তার বাবা মো. ইজারুল ফারুক জানান। আহত ফাহিম (১৬) ও সাত্তারকে (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আতিক নামে এক অটোরিকশা চালক আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনলে চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।
আতিক হাসপাতালে সাংবাদিকদের বলেন, ফ্লাইওভারের গোলাপবাগের ঢালে স্থানীয়রা তার অটোরিকশায় ওই তিনজনকে তুলে দিয়ে হাসপাতালে পাঠান।
মোটর সাইকেল নিয়ে তিনজন নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
সাদের বাবা হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাদের বাসা ওয়ারীর মহাজনপুর লেনে। দুই ভাইয়ের মধ্যে সাদ ছিল ছোট।
এআর





