কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ব্র্যাক ব্যাংকের কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে বাসের ২৫ যাত্রী আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বিত্তিপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় নিহত সাইদুর রহমানের বাড়ি মাগুরা জেলায়।

কুষ্টিয়া হায়ওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রশিদ জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সোহেলী ও হানিফ পরিবহনের দুইটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজারের কাছে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোহেলী পরিবহনের বাসটি একটি গাছের সাথে ধাক্কা খায়।

এতে বাসটি উল্টে গেলে কমপক্ষে ২৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উল্টে যাওয়া বাসের ভেতর থেকে ব্র্যাক ব্যাংকের কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমানের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমবি