ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু নিয়ে চারিদিক থেকে বিভিন্ন রকমের দুঃসংবাদ, বিভিন্ন রকমের আতঙ্কিত হবার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ঠিক তেমনিভাবে আরেকদিকে আশার আলোও আছে। আশা নিয়েই আমরা বেঁচে থাকি, আশার আলোও আছে।’ রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত প্রতিদিনিই বারছে ডেঙ্গু রোগী।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

‘‘সুপরিকল্পিত কর্মসূচির ভিত্তিতে কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্যমাত্রা আমরা আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই পরিস্থিতি মোকাবিলার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো।’’

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট চারটি ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন। উদ্বোধনের পর হাসপাতাল থেকে বের হলে সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে ধরেন। তবে এ সময় সংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল থেকে বের হয়ে যান।

সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি ওয়ার্ডে কোনো ডেঙ্গু নেই বলেও উল্লেখ করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘দেশব্যাপী মশকনিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে’র উদ্বোধন অনুষ্ঠানে ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে সংবাদমাধ্যমে ছেলেধরার মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছিলেন সাঈদ খোকন।

সেদিন তিনি বলেন: ‘মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। সাড়ে তিন লাখ আক্রান্তের যে তথ্য এসেছে, তা কাল্পনিক ও সম্পূর্ণ বিভ্রান্তিমূলক।’

এএস