রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে মারধর এবং লুটপাটের প্রতিবাদ, পুলিশ ফাড়িঁ স্থাপন এবং সেনাবাহিনী পরিচালিত আবাসিক হোস্টেল চালুর দাবিতে ধর্মঘট পালন করছে হাসপাতালে কর্মরত শিক্ষানবিশ চিকিৎসকরা।

শুক্রবার বেলা ১২ টা থেকে তারা এ কর্মবিতরতি পালন করছেন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সংশ্লিষ্টরা।

পুলিশ ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে হোস্টেলে ফেরার পথে সুমন আলী নামের এক চিকিৎসককে মারধর করে দুর্বৃত্তরা।

এমনকি তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেন চিকিৎসকরা।

পরে শুক্রবার সকালে এক বৈঠকে পুলিশ ফাঁড়ি স্থাপন, অপরাধীদের গ্রেপ্তার এবং আর্মি পরিচালিত আবাসিক হোস্টেলের দাবি তোলা হয়। এ দাবির পক্ষে বেলা ১২ টা থেকে তারা ধর্মঘট শুরু করেন।

চিকিৎসকরা জানান, প্রতিনিয়তই চিকিৎসকরা দুর্বৃত্তদের কবলে পড়ছেন। অনেকবার বলার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রিফাত সাংবাদিকদের জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার এবং সকল দাবি মেনে নেয়ার পরই আমরা কর্মসূচি প্রত্যাহার করব।


এসএম