ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের কালিমন্দিরের প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

সকালে এলাকাবাসী মন্দিরের পাশে কালি প্রতিমার ভাঙা মাথা পড়ে থাকতে দেখে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা কালিমন্দিরের তালা খুলে ভেতরে প্রবেশ করে শিবঠাকুর ও মাকালি প্রতিমার মাথা মুচড়ে ভেঙে মন্দিরের বাইরে ফেলে যায়।

এ প্রসঙ্গে স্থানীয় প্রবীণ ব্যক্তি দুর্জয় মণ্ডল (৭৫) জানান, বহু বছর ধরে ওই স্থানে পূজা হয়ে আসলেও এত দিনে কখনো এমন ঘটনা ঘটেনি।

মন্দির কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এদিনে এ ঘটনার খবর পেয়েই উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

তবে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ঘটনা যারাই ঘটিয়ে থাকুক তদন্ত করে অবিলম্বে বের করা হবে।

এসএইচ