কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধেদুই ব্যক্তি নিহত হয়েছে।

আজ (২২ মার্চ) শুক্রবার ভোররাতে উপজেলার রাজারছড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাজির পাড়া এলাকার আজহার মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪০) ও জালিয়াপাড়ার গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে নুরুল আমিন(৩৫)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, পুলিশের হাতে আটকের পর নুর মোহাম্মদ ও নুরুল আমিনকে নিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে অভিযানে যায় পুলিশ। এসময় টেকনাফ উপজেলার রাজারছড়া পাহাড়ি এলাকায় পৌঁছালে আসামিদের ছিনিয়ে নিতে একদল ইয়াবা কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় আটক আসামিরা পালিয়ে যেতে চাইলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। বন্দুকযুদ্ধে এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ দুইজনকে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

প্রদীপ কুমার দাস আরও জানান, ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ৮টি বন্দুক, ২০ হাজার পিস ইয়াবা ও ২০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে।

নিহত দুইজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এমবি