চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আওয়ামী লীগ এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মঙ্গলবার দিনভর শান্তিপূর্ণ নির্বাচন শেষে গভীর রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ বিএনপির প্যানেল ভিত্তিক নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ।

অপরদিকে সাধারণ সম্পাদকসহ মোট নয়টি পদে জয়লাভ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্যানেল সমমনা আইনজীবী সংসদ থেকে একজন প্রার্থীও বিজয়ী হতে পারেননি।

নির্বাচনী ফলাফলে সভাপতি পদে ১০৪১ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুল হক বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরীর ভোট পেয়েছেন ১০১৯।

সাধারণ সম্পাদক পদে ১২২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এনামুল হক। এই পদে ৯০৬ ভোট পেয়ে পরাজিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম আইনজীবী সমিতির নয়টি সম্পাদকীয় পদ ও ১০টি নির্বাহী সদস্য পদসহ ১৯টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ও স্বতন্ত্র তিনটি প্যানেলে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিক আইনজীবী ঐক্য পরিষদ থেকে অন্যান্য বিজয়ীরা হচ্ছেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ (১১০৩), সহসভাপতি মোহাম্মদ আফাজুর রহমান (১২২৯), পাঠাগার সম্পাদক শওকত আউয়াল চৌধুরী (১৫৬৫), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হাসান মাহমুদ চৌধুরী (১১১৪)।

এ প্যানেল থেকে নির্বাহী সদস্যপদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন : মোহাম্মদ হেলাল উদ্দিন আবু (১৩০৬), মাশকুরা বেগম মেরী (১২১৪), মোহাম্মদ রবিউল হোসেন নয়ন (১২৪০) ও রফিকুল আলম (১৫৫৮)।

অপরদিকে আওয়ামী লীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, সহসম্পাদক প্রতীক কুমার দেব (১০৫৮), অর্থ সম্পাদক পাপড়ী সুলতানা (১১৭১) ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমএম সিরাজউদ্দৌলা (৯৪৭)।

এ প্যানেল থেকে নিবার্চিত নির্বাহী সদস্য প্রার্থীরা হচ্ছেন, মোহাম্মদ মোশারফ হোসেন (১১৫৯), এএইচএম রায়হানুল আলম হক (১৬৮১), ফিরোজ উদ্দীন তারেক (১৩৯৩), মমতাজ বেগম মুক্তা (১৪১৫) জিনাত সোহানা চৌধুরী (১১৭৫), কমল কান্তি দত্ত, মুহাম্মদ দিদারে আলম (১৩৮৩)

এমকে