মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের একটি ক্লাব থেকে বৈদ্যুতিক বাল্ব চুরিকে কেন্দ্র করে গ্রামের মজনু মেম্বর ও মিল্টন হোসেন পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে শুভরাজপুর গ্রামের একটি ক্লাব থেকে বৈদ্যুতিক বাল্ব চুরিকে কেন্দ্র করে গ্রামের মজনু মেম্বর ও মিল্টন হোসেন পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে আজ বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অলোক কুমার জানান, ১০ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়ে পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


ইআর