ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে পুকুরে কাঁদা ছোড়াছুড়ি নিয়ে খেলা করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাফিজুর রহমান ওই গ্রামের কায়েস মোল্লার ছেলে।  

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে চাঁদপুর গ্রামে আব্দুল্লাহর ছেলে রানা ও শাহাদতের ছেলে সজিব একটি পুকুরে গোসল করছিল। এ সময় তাদের দুই জনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি হয়। বিষয়টি তুচ্ছ ও পুকুরে খেলার ঘটনা হলেও এ নিয়ে উভয় পরিবারের মেয়েদের ঝগড়া লাগে। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, এতে হাফিজুর রহমানসহ ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। দুই পক্ষের লোকজন দেশী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। যে কোন সময় বড় ধররে সংঘর্ষের আশংকা করছে গ্রামবাসি।

এমই/তারিক