ঢাকা-বরিশাল লঞ্চের অগ্রিম টিকিট ২০ জুলাই থেকে বিক্রি শুরু হবে। আর বেসরকারি লঞ্চ মালিকেরা স্পেশাল সার্ভিস চালু করবেন ২৪ জুলাই। আর সরকারি যাত্রী পরিবহন সংস্থা বিআইডব্লিউটিসি আজ মঙ্গলবার পর্যন্ত স্পেশাল সার্ভিসের সিদ্ধান্ত নিতে পারেনি।

এদিকে অগ্রিম টিকিটের জন্য স্লিপ নেয়া শেষ করেছে লঞ্চ কর্তৃপক্ষ। তবে অগ্রিম টিকিটের সুবিধা পাচ্ছেন না সাধারণ যাত্রীরা।

তাদের অভিযোগ, লঞ্চের অগ্রিম টিকিট দেয়ার ঘোষণা হলেও ওই টিকিট সাধারণ যাত্রীরা পায় না। আগে থেকে নিজস্ব ও পরিচিতদের নামে বরাদ্দ দিয়ে রাখে লঞ্চ কর্তৃপক্ষ। সেখান থেকে কালোবাজারে চলে যায় টিকিট।

লঞ্চযাত্রীরা জানান,২৬ ও ২৭ জুলাইয়ের টিকিট নেয়ার জন্য লঞ্চের বুকিং অফিসে অনেক ঘুরেছেন; কিন্তু পাননি। বুকিং অফিস থেকে বলা হচ্ছে-টিকিট নেই, অগ্রিম দেয়া শুরু হয়নি।

সুরভী লঞ্চের মালিকদের একজন জানান, লঞ্চের অগ্রিম টিকিটের জন্য স্লিপ নেয়া হয়েছে। স্লিপ নেয়া টিকিট ২০ জুলাই থেকে দেয়া শুরু হবে। এর বাইরে টিকিট দেয়া সম্ভব হচ্ছে না।
কীর্তনখোলা লঞ্চের সুপারভাইজার মো. শমসের হোসেন বলেন, তাদের লঞ্চের অগ্রিম টিকিট মালিক পক্ষ দিয়েছে।

সুন্দরবন লঞ্চের কাউন্টার থেকে জানানো হয়, আগে থেকেই স্লিপ নেয়া শুরু হয়েছে। স্লিপের বাইরে ঈদের অগ্রিম টিকিট দেয়ার সুযোগ নেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাসার মজুমদার গণমাধ্যমকে বলেন, ঈদ উপলক্ষে ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ঢাকা-বরিশাল নৌপথে স্পেশাল সার্ভিস চালু থাকবে। প্রতিদিন ১২টি বিলাসবহুল লঞ্চ ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে। এর বাইরে ভায়া চলাচল করবে আরও ছয়টি। অতিরিক্ত পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ড দায়িত্ব পালন করবে। এর সঙ্গে থাকবেন স্কাউট ও গার্ল গাইডের সদস্যরা।

বিআইডব্লিউটিসি বরিশালের সহকারী ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ মজুমদার জানান, সম্ভবত ঈদের এক সপ্তাহ আগে স্পেশাল সার্ভিস চালু হবে।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ