মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন। সড়কে ডাকাতির সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪০) ওরফে মোয়াজ্জেম ওরফে নজরুল ওরফে রফিক। তাঁর বাড়ি সাতক্ষীরায়।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় বলেন, রফিকুল আন্তজেলা ডাকাত দলের সর্দার। বাড়ি সাতক্ষীরায়। তাঁর বিরুদ্ধে ২৯টি ডাকাতি ও খুনের মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি ককটেল, একটি দা, একটি চাপাতি, একটি করাত, একটি পাইপগান, বিস্ফোরিত গুলির খোসা ও দুইটি গুলি উদ্ধার করে।
পুলিশের দাবি, ওই সড়কে টহল দেওয়ার সময় পুলিশ লক্ষ্য করে মঘিরঢাল এলাকায় সড়কে গাছ ফেলে বাধা সৃষ্টি করে একদল ডাকাত ডাকাতি করছে। পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলের কাছে যেতেই ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ রফিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা অরুণ কান্তি ঘোষ বলেন, রাতে বুকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর পরনে ছিল শার্ট-প্যান্ট।
ওই ঘটনায় দুই দারোগাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
কেবি





