উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, উত্তরপত্র জালিয়াতি এবং ফেসবুক ও মোবাইল ফোনে প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ছয়জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশের ‘সাইবার ক্রাইম’ টিম।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলামবলেন, ‘এই ছয়জনের মধ্যে রায়হান চৌধুরী নামে একজন এ চক্রের হোতা। ড্যান ব্রাউন নাম নিয়ে সে সাইবার অপরাধ চালিয়ে আসছিল।’
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে গ্রেফতার বাকিদের নাম-পরিচয় এবং অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
গতবছর এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ব্যাপক অভিযোগের মধ্যে একটি বিষয়ের পরীক্ষা দ্বিতীয়বার নিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।
আগের রাতে ফেসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায় প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসিতেও।
প্রসঙ্গত, চলতি বছরেও এইচএসসির হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার আগের রাতে ফেসবুকে ফাঁস হয় নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র যা পরে পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়।
ইআর





