সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে ‘রবীন্দ্রভবন’ নির্মাণের প্রাথমিক উদ্যোগ নেয়া হয়েছে। এ ভবন নির্মাণে ভারত সার্বিক সহযোগিতা প্রদানে সম্মত হয়েছে।’
রোববার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী একথা জানান।
সাক্ষাৎকালে পঙ্কজ শরণ বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ইস্যুতে দু’দেশ পরস্পরকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রভবন নির্মাণের জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে ভারত তাতে সার্বিক সহযোগিতা প্রদান করবে।’  
এসময় সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘ভারত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসা, সংস্কৃতি, ক্রীড়া, গণমাধ্যম প্রভৃতি পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দু’দেশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজার বছরের প্রাচীন। এদেশের আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়ন ও বিকাশে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ৩৯টি দেশের সাংস্কৃতিক চুক্তি রয়েছে।’
তিনি বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময় থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় চুক্তি বিদ্যমান রয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশের সাংস্কৃতিক দল বিভিন্ন সময় ভারত সফর করেছে এবং ভারতের সাংস্কৃতিক দলও বাংলাদেশ সফর করেছে।’
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী ও ঐতিহাসিক ‘বিদ্রোহী’ কবিতা রচনার ৯০ বছর পূর্তি  দু’দেশ যৌথভাবে উদযাপন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দু’দেশের সংস্কৃতি বিনিময়ের এ ধারা চলমান রয়েছে।’
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]