নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকী মারা গেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন তিনি।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই ছাত্রনেতার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

আবু বকরের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। ১৯৭০ সালের স্কুল পাঠ্যসূচি থেকে ‘পাকিস্তান: দেশ ও কৃষ্টি’ বই বাতিলের আন্দোলনে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের সক্রিয় সংগঠকের ভূমিকা পালন করেন তিনি। আবু বকরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে দশটায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে তার লাশ নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে এই মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হবে।

মাহমুদ