গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় অশোক কুমার সরকার (৪৫) নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে পীরগঞ্জ উপজেলায় অবস্থিত আনন্দনগর বিনোদনকেন্দ্রের পাশের একটি বাঁশঝাড়ে ওই ছাত্রীকে ধর্ষণের সময় অশোককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

অশোক কুমার সরকার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ বৈদ্যনাথ গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুকুল চন্দ্র সরকারের ছেলে। তিনি সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে ফুঁসলিয়ে অশোক কুমার সরকারসহ তিনজন পীরগঞ্জের বিনোদন পার্ক আনন্দনগরে নিয়ে যায়। এরপর অশোক কুমার সরকার ওই ছাত্রীকে ধর্ষণ করে।

পরে রাতে তাকে বাড়ি নিয়ে আসার সময় পীরগঞ্জ এলাকার একটি বাঁশঝাড়ে আবারও ধর্ষণের চেষ্টা করে অশোক কুমার। এসময় ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ও অশোককে আটক করে পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও জানান, এ ঘটনায় বুধবার সকালে ওই ছাত্রীর মা বাদি হয়ে অশোক কুমারসহ তিনজনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ওই ছাত্রী অসুস্থ হওয়ায় তাকে প্রথম সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এসএ