৩ সন্তান পুলিশে চাকরি করলেও বাবুগঞ্জের এক বৃদ্ধা মায়ের ভিক্ষা করার ঘটনায় সন্তানদের অবহেলা রয়েছে কী না তা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি।
আগামী ৩ কার্য দিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া মনোয়ারা বেগম (৮২) নামের ওই মায়ের চিকিৎসাসহ জীবিতকালীন সকল ব্যয়ের দায়িত্ব নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিআইজির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিআইজি মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
ডিআইজি আরও জানান, বৃদ্ধা মায়ের ৫ ছেলেকে ডিআইজি কার্যালয়ে ডেকে এ বিষয়ে তাদের সাথে কথা বলেন তিনি।
৮ শতাংশ জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে বৃদ্ধা মায়ের এই পরিস্থিতি বলে ছেলেদের পক্ষ থেকে ডিআইজিকে জানানো হয়। তবে তারা সবাই অনুতপ্ত এবং মায়ের দায়িত্ব গ্রহণে সম্মতির কথা জানিয়েছেন।
এদিকে ডিআইজির কার্যালয়ে উপস্থিত ৫ ভাইয়ের মধ্যে ৪র্থ জন গিয়াস উদ্দিন দাবি করেন অযত্ন ও অবহেলার কারণে তার বৃদ্ধা মা ভিক্ষা করেছেন।
তবে ৫ম ছেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত এএসআই নেছারউদ্দিন ও মেঝছেলে বরিশাল রেঞ্জ পুলিশে কর্মরত কনস্টেবল মো. জসিমউদ্দিন দাবি করেন তাদের মা কখনও ভিক্ষা করেননি। গিয়াস ছাড়া অন্য ভাইদের দাবি তাদের এক মাত্র বোন এবং তার স্বামী মাকে দেখাশোনা করতেন।
জেড





