ফরিদপুর জেলায় চলতি মওসুমে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর (এইডি) সূত্র জানায়, জেলায় চলতি মৌসুমে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ২৬ হাজার ৬৩০ হেক্টর অতিক্রম করে ৩১ হাজার ৫১০ হ্ক্টের জমিতে গমের আবাদ হয়েছে।
অতিরিক্ত জমিতে গম আবাদের ফলশ্রুতিতে লক্ষ্যমাত্রা ৭৪ হাজার ৫৪৬ মেট্রিক টনের পরিবর্তে প্রায় এক লাখ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। এতে গত আমন বোরো মৌসুমে ফসলের কম মূল্য পাওয়ায় কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা থেকে পরিত্রাণ পাচ্ছেন।
সম্প্রতি যেসব কৃষক গম কাটা সম্পন্ন এবং বাজারজাতকরণে ব্যস্ত রয়েছেন, অধিক জমিতে গম আবাদে তাদের বোরো ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করছে।
সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গাদাধর ডাঙ্গী গ্রামের কৃষক নুরুল ইসলাম মোল্লা, আকির শেখ ও ফেলা মোল্লা বাসসকে জানান, তাদের প্রতিবিঘা জমিতে গম চাষে বীজ, সার. সেচ ও পরিচর্যা বাবদ খরচ হয়েছে ৪ হাজার টাকা। বিক্রি করে তারা প্রতি মণে পেয়েছেন কমপক্ষে ৮শ’ টাকা করে।
প্রতি বিঘা জমিতে গমের উৎপাদন হয়েছে ১৬ থেকে ১৮মণ।
এইডি সূত্র জানায়, চলতি মৌসুমে কৃষকদের মাঝে গম আবাদের জন্য ২২টি জাতে বীজ বিতরণ করা হয়েছে। সময় মত সার, বীজ, সেচ ও কীটনাশক পাওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা লাভবান হয়েছেন।
এসএইচ





