রাজধানীর যাত্রাবাড়ীতে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় এক ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রের নাম এন এম দিপু (১৬)। সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আবদুল্লাহ আল নুরের ছেলে।

দিপুর বাবা আবদুল্লাহ আল নুর জানান, তাঁরা যাত্রাবাড়ির ধনিয়া ঈশাখা রোডের একটি বাসায় ভাড়া থাকেন। তাদের একমাত্র ছেলে দিপু স্থানীয় অগ্রদূত বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। দিপুর আশা ছিল সে জিপিএ ৫ পাবে। কিন্তু সে জিপিএ ৪.৯৫ পেয়ে উত্তীর্ণ হয়। ফল পাওয়ার পর থেকেই তার মন খারাপ ছিল এবং সে কান্নাকাটি করছিল।

রাত ৯টার দিকে দিপু ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় দিপু সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমই