রাজধানীর ওয়ারীতে দুই ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ পেয়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে তাদের স্বজনরা।

অপহৃতরা হলেন- ব্যবসায়ী মনির হোসেন (৩২) ও তার কর্মচারী পারভেজ (২৫)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মনিরের বড় ভাই কাওছার জানান, তার ভাই গর্দার (লোহা-ভাঙারি) ব্যবসা করেন। শুক্রবার রাতে বনগ্রাম ১৯ ডিসিসি রোড থেকে মালামাল ক্রয়-বিক্রয়ের কথা বলে দুর্বৃত্তরা তার ভাই ও কর্মচারীকে মিরপুরে নিয়ে যায়।

সেখান থেকে তাদের অপহরণ করে। পরবর্তীতে রাতে মনিরের মোবাইল থেকে ফোন করে তার কাছে মুক্তিপণ হিসেবে বিকাশে ৫০ হাজার টাকা দাবি করে দুর্বৃত্তরা।

তিনি জানান, এ ঘটনায় ওয়ারি থানায় গত রাতেই একটি জিডি করা হয় এবং বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানো হয়। এরপর অপহরণকারীরা মধ্যরাতে মাইক্রোবাস যোগে মিরপুর ১২ নম্বর কালশী রোডের মাথায় ফেলে রেখে যায়। আহতাবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

জেএ