বর্তমান দশম জাতীয় সংসদ কার্যকর নয় বলে অভিমত ব্যক্ত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বরং সরকারি দলের কারণে তা এক ব্যতিক্রম রূপধারণ করেছে।
সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে টিআইবি আয়োজিত দশম জাতীয় সংদদের প্রথম অধিবেশনের ‘পার্লামেন্টারি ওয়াচ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান বিরোধী দল শুধু নামে আছে। নিজেদের এক ধরনের স্বার্থ রক্ষার জন্য বিরোধী দল হিসেবে উপস্থাপিত হচ্ছে। বিরোধী দল হিসেবে যে ধরণের শক্তিশালী ভূমিকা পালন করা দরকার ছিল তা পরিলক্ষিত হচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে একটি অভূতপূর্ব অবস্থা বিরাজ করছে। সংসদ হিসেবে সকল কার্যক্রম অব্যাহত রাখা হলেও আমরা এ সংসদকে কার্যকর সংসদ বলতে পারি না।
বর্তমান সংসদের প্রাক্তন বিরোধী দলকে অনেক অশালীন ভাষায় মন্তব্য করা হলেও স্পিকার তার অবস্থানে নিরব ছিলেন। এ কারণে স্পিকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ এবং অকার্যকর বলে উল্লেখ করেন ড. ইফতেখার।
সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, সংসদের মূল কাজ হলো জনস্বার্থে আইন প্রণয়ন করা। আর এই আইন পাশ করতে দরকার বিশদ আলোচনা। কিন্তু বর্তমান সংসদে আইন পাশের ক্ষেত্রে বিশদ আলোচনার ব্যবস্থা দেখা যাচ্ছে না। যেসব আইন প্রণয়ন করতে দেখা গেছে তা শতকরা দুই ভাগও বাস্তবায়ন হয় না। সংসদের বেশি সময় ব্যয় হয় সরকারি দলের প্রশংসায়।
ঢাকা, জেইউ, ০৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





