ময়মনসিংহ শহরে এক ব্যক্তিকে ধাওয়া দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের কলেজ রোড রেললাইন পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু (৩৫) একজন ইলেকট্রিসিয়ান। তিনি শহরের মসজিদ রোডের রমজান আলীর ছেলে।
ময়মনসিংহ শহর ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গণমাধ্যমকে জানায়, সন্ধ্যায় কলিন্স, বাবু, রাজিব, জুয়েল, মদন’সহ স্থানীয় কয়েক যুবক ইলেকট্রিশিয়ান বাবুকে অস্ত্র নিয়ে ধাওয়া করে। বাবু তখন দৌড়ে পালানোর চেষ্টা করেন।
রেললাইনের পাড়ে শহীদ ড্রাইভারের বাসার কাছে বাবুকে দুর্বৃত্তরা ধরে ফেলে। পরে বাবুকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে ফেলে চলে যায় হামলাকারীরা। পৌনে ৮টার দিকে বাবুকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথেই মারা যান বাবু। বাবু হত্যায় জড়িতরা একাধিক হত্যা মামলার আসামি বলেও জানায় এলাকাবাসী।
এমবি





