নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেলে মা ও তার শিশু সন্তানের। বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্বচরবাটার কালা মসজিদ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন– উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের ছেলে ইয়াছিন। কহিনুর পূর্বচরবাটা গ্রামে খায়রুল হাসান ওরফে জমিদার শাহিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার পর কহিনুর তার ছেলেকে কোলে নিয়ে পাশের বাড়ি যান। বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি বাগানে কহিনুর ও তার ছেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দেখতে পান বিদ্যুতের তারে জড়িয়ে আছে মা-ছেলে। পরে স্থানীয়রা চরজব্বার থানায় খবর দিলে পুলিশ এসে স্থানীয় ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। রাতে ময়নাতদন্তের জন্য লাশ দুটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ প্রসঙ্গে পল্লী বিদ্যুতের সুবর্ণচর কার্যালয়ের ডিজিএম সফিউল হক জাহাঙ্গীর বলেন, বুধবার রাতে ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছ ও গাছের ঢাল পড়ে তার ছিঁড়ে যায়। রাত থেকে তারা বিভিন্ন স্থানে কাজ করেছে। কিন্তু পূর্ব চরবাটায় তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাদেরকে কেউ জানায়নি। তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।
চরজব্বার থানার ওসি মা ও শিশুটির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
এমআর





