কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুরে মটর সাইকেল আরোহী আক্কাস আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় নাসির উদ্দিন নামের অপর এক আরোহী আহত হয়েছেন।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের রহমত আলীর ছেলে আক্কাস আলী (৩২) ও একই উপজেলার চক দৌলতপুরের সেকেন্দার আলীর ছেলে নাসির উদ্দিন (২৭)।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রাগপুরের রিপন সরকারের বাড়ী থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাঝ পথে প্রাগপুর ভেড়ামারা সড়কের প্রাগপুর কার্লভাটের কাছে পৌঁছালে মটর সাইকেল আরোহী আক্কাস আলীর গতিরোধ করার জন্য দুর্বৃত্তরা তার মটর সাইকেলের সামনে হাত নাড়ে। আক্কাস তা উপেক্ষা করে চালাতে থাকলে দুর্বৃত্তরা তার বুকে ধারালো হাসুয়া দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
অল্প কিছুদুর গিয়ে আক্কাস সহ তার পিছনে থাকা নাসির উদ্দিন মটর সাইকেল থেকে পড়ে যায়।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আক্কাস আলী মারা যায়। আর নাসির উদ্দিনকে দৌলতপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।
এমই





