হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সকালে সোনাসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
তারা হলেন, আবিদা সুলতানা (৩৩), তার স্বামী মাইন উদ্দিন (৪২) এবং তাদের ছেলে মুজাক্কির মইন(৫)।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, কুয়ালালামপুর থেকে বিজি ০৮৭ নম্বর ফ্লাইটে সকাল ৭টার দিকে বিমানবন্দরে নামেন তারা।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সদস্যদের সন্দেহ হলে তাদের তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে তাদের শরীর থেকে ১০টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। সোনাগুলি তিনজনের শরীরে সঙ্গে কৌশলে লুকিয়ে পাচারের চেষ্টা করছিল।
উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে প্রায় সাড়ে চার কেজি সোনাসহ পলি রানীসাহা নামে একজনকে গ্রেফতার করে কাস্টমস কর্তৃপক্ষ।
এআর





