সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হবে বুধবার (২১ অক্টোবর)। এদিন সকালে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য নেবেন বিচারপতি মকবুল আহসান।

ওই আদালতের সরকারি কৌশলী (পিপি) কিশোর কুমার কর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদের সাক্ষ্য দেওয়ার মধ্যদিয়ে আলোচিত এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

এ পর্যন্ত মামলার ১৭১ সাক্ষীর মধ্যে প্রধান সাক্ষী তথা মামলার বাদির সাক্ষ্য নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় দিনে ঠিক কতোজন সাক্ষ্য দেবেন তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি কিশোর কুমার কর।

প্রথম দিনের সাক্ষ্যগ্রহন শেষে আদালতের বিচারক ২১ এবং ২২ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য্য করেন।

দীর্ঘ দশ বছর পর গত ১৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হরিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরশেনের বরখাস্তকৃত মেয়র আরিফুলহ চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জিকে গৌছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ৩২ জনকে অভিযুক্ত করে মামলার চার্জ গঠন করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। মামলার ৩২ আসামির মধ্যে ১৪ জন কারাগারে, ৮ জন জামিনে এবং ১০ জন পলাতক রয়েছেন।

সর্বশেষ মামলার অন্যতম আসামি আরিফুল হকের অসুস্থতার কারনে অভিযোগ গঠনের শুনানি নয় দফা পিছিয়ে যায়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ অনেকে।

ঘটনায় ওই রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

আলোচিত এ মামলায় তিন দফা তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর হারিছ, আরিফ, গউছসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।

এমকে