ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে তিন জনের করোনা পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ (১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার জানানো তথ্যমতে, করোনায় মারা যাওয়া ৩ জনই ময়মনসিংহের বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে টাঙ্গাইলের ২ জন, নেত্রকোনা ও শেরপুরের ১ জন করে রোগী মারা গেছেন।

মমেক হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১০০ জন এবং আইসিইউতে ১০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৯.০৪ ভাগ। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২১ হাজার ৫৭২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৯ জন।

এরআগে হাসপাতালের করোনা ইউনিটে ১৩ সেপ্টেম্বর ৪ জন, ১২ সেপ্টেম্বর ৩ জন, ১১ সেপ্টেম্বর ৬ জন এবং ১০ সেপ্টেম্বর ৪ জন মারা যান।

এমবি