গত ২০ জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রাম কোতয়ালী থানার কদমতলীতে দূর্বৃত্তদের আঘাতে মারাত্মক আহত সাকিবুল ইসলামকে নির্মম নির্যাতন ও চিকিৎসা করতে না দিয়ে হত্যার বিষয়ে পুলিশকে দায়ী করে বিবৃতি প্রদান করেছে নিহতের মা সালেহা বেগম।
বিবৃতিতে তিনি বলেন, আমার সন্তান সাকিবুল ইসলাম প্রতিদিনে মত টিউশনি করে বাড়ী ফেরার সময় দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হয়। এসময় পুলিশ তাকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তারের পর চিকিৎসা না করে উল্টো দ্বীর্ঘ ৬ ঘন্টা তাকে নির্যাতন করে। এই বর্বর নির্যাতনে আমার ছেলের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু উন্নত চিকিৎসার ব্যবস্থা করেনি। আমরা বার বার তার জীবন বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য আবেদন জানালেও পুলিশ কতৃপক্ষ কর্ণপাত করেনি। পুলিশের ভয়াবহ নির্যাতন ও চিকিৎসা করতে না দেয়ায় আমার ছেলে ইন্তেকাল করে।
তিনি বলেন, যদিও আমার ছেলে কোন অন্যায় করেনি তবুও পুলিশের হেফাজতে সে থাকায় মানবিক সাহায্যটুকু পাব এমনটি আমরা আশা করে ছিলাম। কিন্তু পুলিশের এই অমানবিক নির্মম হত্যাযজ্ঞ আমাদের বাকহীন করে দিয়েছে। আমার জানা মতে সে কোন অন্যায় করেনি।
আর যদি আমার ছেলে কোন অন্যায় করেই থাকে তাহলে আইনের মাধ্যমে তার বিহিত করার কথা ছিল। কিন্তু আইনের রক্ষক হয়ে পুলিশ যে ভাবে আমার ছেলেকে নির্যাতন ও অমানবিক অবহেলা করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাতে পুলিশের প্রতি আমাদের আস্থা হারিয়ে গেছে।
আর যেন কোন মায়ের বুক খালি না হয় তার জন্য আমি অবিলম্বে নির্যাতন ও অবহেলাকারী পুলিশ সদস্যদের বিচার দাবী করছি। একই ভাবে এমন ঘটনার যে আর না ঘটে সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
এসএইচ





